হোয়াইক্যংয়ে মহিলা মেম্বারের বিরুদ্ধে ভিজিডি চাল বিতরণে উৎকোচ গ্রহণের অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভূলু : হোয়াইক্যংয়ে ভিজিডি চাল বিতরণে জনপ্রতিনিধিদের উৎকোচ গ্রহণ, স্বজনপ্রীতি ও ভোটের রাজনীতির কথা দীর্ঘদিনের। এবার হোয়াইক্যং ইউনিয়নে চাল বিতরণের সময় সাধারণ ভূক্তভোগীরাই স্থানীয় সাংসদ, ইউএনও এবং চেয়ারম্যানের উপস্থিতিতে এক মহিলা মেম্বারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ তুলেন। তবে অভিযুক্ত মহিলা মেম্বার এটি ষড়যন্ত্র বলে দাবী করেন।

তথ্যানুসন্ধানে জানা যায়,গত ৮এপ্রিল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ করছিলেন স্থানীয় সাংসদ শাহীন আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীসহ মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারগণ। উক্ত ইউনিয়নের বেশ ক’জন মেম্বার-মহিলা মেম্বার এই ভিজিডি কার্ড বিতরণে স্বজনপ্রীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগ তোলেন। চাল নিতে আসা কয়েকজন মহিলা অত্র ইউনিয়নের (৩,৫,৬) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার লালমতি বেগমের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,টাকার বিনিময়ে উক্ত মহিলা মেম্বার ভিজিডি কার্ড বিতরণের অভিযোগ আনা হয়েছে।

এই ব্যাপারে অভিযুক্ত মহিলা মেম্বার লালমতির নিকট জানতে চাইলে বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন। জনৈক সোনা বানু কার্ড না পেয়ে এই জাতীয় অপপ্রচার চালিয়েছে।

এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান বলেন, ভিজিএফ চাল নিতে আসা অভিযোগকারীদের একটি অভিযোগ হাতে এসেছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত স্বাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এলাকার সুশীল সমাজ মনে করেন, সরকারের এই মহতি কর্মকান্ডকে পুঁিজ করে অনেক অসাধু জনপ্রতিনিধি পকেট বাণিজ্য এবং ভোটের রাজনীতি করে আসছে। অবিলম্বে তদন্ত স্বাপেক্ষে ঐ অভিযুক্ত মহিলা মেম্বারসহ অপর অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে।