ডুলাহাজারা ইউপিতে ১৯-২০ অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক সভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়ার সহযোগিতায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগনের অংশগ্রহনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড পরিকল্পনা সভা মঙ্গলবার রংমহল সানরাইজ ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান। ওয়ার্ড পরিকল্পনা সভার ৩ টি বিষয়ের প্রতি গুরুত্ব দেয়া হয়। ১. বিগত সময়ের উন্নয়ন তুলে ধরা; ২. আগামী অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে জনগনের মতামত গ্রহণ; ও ৩. জনগনের কাছে জবাবদিহিতা প্রতিষ্ঠায় নির্বাচিত ইউপি সদস্যকে জনগনের মুখোমুখি করা।
টিআইবির এরিয়া ম্যানেজার এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য ও বিগত বছরের উন্নয়ন তুলে ধরেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির। তিনি বলেন গত বছরের পরিকল্পনার আওতায় জনগনের পক্ষ থেকে যেসব দাবী আমরা পেয়েছিলাম তার মধ্যে ৬০% আমরা সম্পন্ন করেছি। বিশেষ করে মার্কাজ মসজিদ সড়ক ছিল এই এলাকার সবচেয়ে বড় সমস্যা যা ইউনিয়ন পরিষদের বিশেষ পরিকল্পনা এবং এলজিইডির সহায়তায় ৩ ফুট উঁচু করে আরসিসি ডালাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। অন্যান্য গুলো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত করা হয়েছে। বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা উন্নয়ন কাজ হাতে নেব।
২০১৯-২০ অর্থ বছরের জন্য ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সর্ব সম্মতিতে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ দাবী হল ডুলাহাজারা থেকে পাগলিরবিল পর্যন্ত রাস্তা উঁচুকরন, ভিলেজার পাড়া সড়ক উচুকরণ ও ব্রিক সলিং, বিদ্যুৎ সংযোগ, নতুন পাড়া সড়ক উন্নয়ন, নতুন পাড়ায় সুপেয় পানির জন্য নলকুপ স্থাপন, মধ্যম পাড়ায় মসজিদের সড়ক, বেওয়ারিশ কুকুর নিধন ও স্বাস্থ্য সম্মত ল্যট্রিন বিতরণ। বিশেষ বিবেচনায় ভিজিডি তালিকায় অসহায় পরিবারের সদস্যদের অন্তর্ভূক্তি, প্রতিবন্ধীদের তালিকায় অন্তর্ভূক্তির দাবী তুলে ধরা হয়। এ ছাড়াও মাদক নির্মূল ও রাত্রীকালীন অনুষ্ঠানের নামে উচ্চস্বরে মাইকের আওয়াজ বন্ধের মাধ্যমে শব্দদূষণ রোখ করতে পরিষদের বিশেষ তদারকী প্রত্যাশা করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উক্ত বিষয়গুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের আশ^াস দেয়া হয়।
প্রশ্নোত্তর পর্বে সাধারণ জনগনের পক্ষ থেকে উন্নয়ন কার্যক্রমের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে ইউপি সচিব হুমায়ুন কবির ও ইউপি সদস্য মো. সোলাইমান উত্তর প্রদান করেন। পাশাপাশি সনাক টিআইবির পক্ষ থেকে দুর্নীতি, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে সাধারণ জনগনকে সক্রিয় ভূমিকা পালনের জন্য এবং সনাক-টিআইবির পরামর্শ গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য জিয়া উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. ফজল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক কবির আহমদ, আবদুর রহিম, মোস্তাক আহমদ, সিরাজুল হক, কল্পনা দে, সাকেরা বেগম ও স্বজন সদস্য মো. ফরহাদ।##