কানাডায় কেলেঙ্কারির ঘটনায় সাবেক দুই মন্ত্রী দল থেকে বহিষ্কার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কানাডার এসএনসি লাভালিন কেলেঙ্কারির ঘটনায় সাবেক দুই মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল মঙ্গলবার তাদের বহিষ্কারের ঘোষণা দেন তিনি।

জাস্টিন ট্রুডো বলেন, ‘সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবো এবং ট্রেজারি বোর্ডের সাবেক প্রধান ফিলপট দলীয় আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দল থেকে তাদের প্রার্থিতা নিষিদ্ধ করা হয়েছে।’

সম্প্রতি নির্মাণ সংস্থা এসএনসি লাভালিন সংক্রান্ত নতুন নথি সামনে আসার পরই এ বিষয়ে নড়েচড়ে বসেন কানাডার প্রধানমন্ত্রী। আর এসব নথি প্রকাশ করেছেন তার সরকারের সাবেক আইনমন্ত্রী জোডি উইলসন-রেবোল্ড।

তিনি অভিযোগ করেছেন, দুর্নীতির তদন্ত থেকে সংস্থাটিকে রক্ষা করতে চাপ দেওয়া দেওয়া হয়েছিল। নিজের দাবি প্রমাণের জন্য এ সংক্রান্ত একটি ফোনকলের রেকর্ডিং ও অন্যান্য নথি কানাডার হাউস অব কমন্সে সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছেন ট্রুডোর সাবেক আইনমন্ত্রী।

কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, লিবিয়াতে প্রকল্প পেতে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মর গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে তারা অনৈতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। বিদেশিদের ঘুষ দিয়ে প্রকল্প পাওয়ার এমন চেষ্টা কানাডার আইনে দণ্ডনীয় অপরাধ।

প্রায় সাত বছর ধরে কানাডার পুলিশ এসএনসি-লাভালিনের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করছে। এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ মাসের শুরুর দিকে কমন্সের জাস্টিস কমিটি এ সংক্রান্ত শুনানি সমাপ্ত ঘোষণা করেছে। কিন্তু জোডি উইলসন-রেবোল্ড আবারও শুনানির দাবি জানি নতুন নথি উপস্থাপন করেছেন।

হাউস অব কমন্সের সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দেওয়া ফোনকলের ১৮ মিনিটের রেকর্ডিংটিতে রয়েছে ট্রুডো সরকারের সাবেক আইনমন্ত্রী জোডিউইলসন-রেবোল্ড এবং প্রিভি কাউন্সিলের কর্মকর্তা মাইকেল ওয়েরনিকের। তারা এসএনসি লাভালিনকে অভিযুক্ত করার বিষয়ে আলোচনা করছিলেন। তাদের আলোচনায় উঠে আসে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চান না, এসএনসি লাভালিনকে সরাসরি অভিযুক্ত করা হোক। তার ইচ্ছে একটি সমঝোতার মাধ্যমে বিষয়টির ইতি টানা হোক।

ট্রুডো এমন অভিযোগের বিষয়ে আগে বলেছিলেন, কুইবেক অঞ্চলের কর্মসংস্থানের স্বার্থে যদি তিনি কোনো ভূমিকা রেখে থাকেন তাহলে তিনি ভুল কিছু করেননি। ফলে এজন্য তিনি ক্ষমা চাইবেন না। এসএনসি লাভালিন ওই অঞ্চলে অনেক বড় কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কুইবেকের প্রায় আট হাজার বাসিন্দা এসএনসি-লাভালিনে কাজ করেন।

কানাডার বিরোধী দলগুলোও তাকে সমর্থন দিয়েছে। শেষ পর্যন্ত কমিটিকে ফোনকলের রেকর্ডিং ও অন্যান্য নথি গ্রহণ করতে হয়েছে। ৪০ পৃষ্ঠার নথির মধ্যে রয়েছে এ বিষয়ক বিভিন্ন ইমেইল ও টেক্সট ম্যাসেজের তথ্য। এতে করে চাপ বেড়েছে ট্রুডোর ওপর।