চট্টগ্রামে পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক |

চট্টগ্রামে শাহ আমানত সেতুর ওপরে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা সবাই যশোর, রাজশাহী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা। এরা হচ্ছে মো. আতিয়ার রহমান, মো. মাসুদ রানা, মো. বাবলু, মো. ইকবাল হোসেন, মো. জুয়েল ও মো. আমিনুর রহমান।

র‌্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার ও টেকনাফে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে এই বিপুর পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছিল। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র‌্যাবের অধিনায়ক।

এদিকে অনুসন্ধানে জানা গেছে আইন শৃংখলা বাহিনীর কড়াকড়ির ফলে মাদক ব্যবসায়ীরা পর্যটকের ছদ্মবেশে কক্সবাজার-টেকনাফ হতে ইয়াবা পাচারের কৌশল বেছে নিয়েছে। মাদক ব্যবসায়ীরা তাদের স্ব স্ব এলাকায় ভ্রমণে ইচ্ছুক লোকজনদের কম টাকায় টেকনাফ-কক্সবাজারে ভ্রমণের অফার দিয়ে নিয়ে আসে আর যাওয়ার সময় ইয়াবা বহন করে নিয়ে যায়।