নুরুল করিম রাসেল |
টেকনাফে জনপ্রতিনিধিদের নিয়ে মানবপাচার প্রতিরোধ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির উদ্যোগে আইওএম এর আর্থিক সহায়তায় “ইনিশিয়েটিভ টু রেসপন্স সার্ভিসেস ফর ভিকটিম অব ট্রাফিকিং” প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের সভাপতিত্ব প্রকল্প কর্মকর্তা মো: আহসান হাবিবের সঞ্চালনায় সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন সমন্বয়কারী হানিফ মাহমুদ।
এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, আইওএম কর্মকর্তা মাইকেল মন্ডল প্রমুখ।
সভাপতির বক্তব্যে জনাব মো. রবিউল হাসান বলেন-রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার অঞ্চলের জন্য মানব পাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। সচেতনতার মাধ্যমে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব। তিনি মানব পাঁচার রোধে উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় উপস্থিত টেকনাফ উপজেলার স্থানীয় সরকার প্রতিনিধিগন মানব পাচার রোধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
হানিফ মাহমুদ বলেন- বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি প্রায় তিন যুগ ধরে মানব পাচার নিয়ে কাজ করে আসছে। দীর্ঘ দিনের এই অভিজ্ঞতার আলোকে কক্সবাজার অঞ্চল তথা সারা দেশে মানব পাচার রোধে প্রত্যাশিত ভূমিকা রাখতে সক্ষম। এ ব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
