হ্নীলা পশ্চিম সিকদার পাড়া-উলুচামরী এলাকায় ইয়াবা বিক্রি এখনো ওপেন সিক্রেট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

আব্দুল মাবুদ টেকনাফ : টেকনাফে আইন প্রয়োগকারী সংস্থার মাদক বিরোধী অভিযানের মধ্যেও হ্নীলা উলুচামরী, লেচুয়াপ্রাং ও পশ্চিম সিকদার পাড়ায় মাদকের রমরমা বাণিজ্য ও সেবন এখনো কমেনি। বরং খুচরা বিক্রেতাদের দৌরাত্ন বেড়েছে। ওপেন সিক্রেটে বিক্রি, লেন-দেন নিয়ে ঝগড়া-ঝাটি এবং মাতলামির কারণে এলাকার পরিবেশ দূষিত হয়ে সাধারণ মানুষের বসবাস অনুপযোগী হয়ে উঠছে। স্থানীয় কিশোর-যুবক, বহিরাগত মানুষকে অভিনব কায়দায় খাইয়ে মাদকের চালান পাচার অব্যাহত থাকায় একাধিক সচেতন ব্যক্তি ক্ষোভের সুরে জানান।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, হ্নীলার লেচুয়াপ্রাং এলাকার লাল মিয়ার পুত্র ইমান হোছন প্রকাশ ইমইন্যা, আমির হোছন, বাদশার পুত্র ওমর ফারুক, পশ্চিম সিকদার পাড়ার কালু হাজীর পুত্র দেলোয়ার ও জাহাঙ্গীর আলম, আব্দু জাব্বারের পুত্র রশিদ মিস্ত্রী, জনৈক জালালসহ ২৫/৩০ জনের একটি চক্র এই মাদক তৎপরতা চালাচ্ছে।
জনৈক খালেদা বেগমের বাড়িতেও মাদক বিক্রি এবং সেবন চলছে বলে বিভিন্ন সুত্রের অভিযোগ রয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী গ্রাম সমুহেও সন্ধ্যার পর পরই বিভিন্ন প্রকার মাদক সেবনের আসর বসে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্র-ছায়ায় থেকে তারা এসব অপকর্ম করে বেড়ায়।
সচেতন মহল মনে করেন, প্রতি গ্রাম এবং ওয়ার্ড পর্যায় থেকে মাদক প্রতিরোধের কমিটি গঠন করা হলে এসব মাদকের অপতৎপরতা রোধ করা কিছুটা হলেও সম্ভব হবে।
হ্নীলা ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার জামাল উদ্দিন বলেন, মাদক বিক্রি ও সেবনের কারনে এলাকায় চুরি-ছিনতাই আশংকাজনক বেড়েছে। এসব মাদক ব্যবসায়ী কঠোর হাতে দমনে সকলের সহযোগিতা দরকার।