টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে ৭৬০ ক্যান মিয়ানমারের তৈরী বিয়ার সহ সিরাজুল মোস্তফা (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সে টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকার নুরুল আমিন মিস্ত্রির ছেলে। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে হোয়াইক্যং
মনিরাঘোনা (মাঝের পাড়া) এলাকা থেকে তার নিজের নেতৃত্বে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
জানা যায়, র্যাব-৭, কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মনির ঘোনা (মাঝেরপাড়া) সাকিন জনৈক ঠান্ডা মিয়ার বাড়ি সংলগ্ন পাহাড়ের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ ২১.০৫ ঘটিকার সময় মেজর মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী মোঃ সিরাজুল মোস্তফা (২২), পিাত- মোঃ নুরুল ইসলাম, গ্রাম- কাটাখালী ঘোনারপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে আটক করে। এ সময় ০৪ জন আসামী সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায় তারা হল সৈয়দ (২২), পিতা- হাসেম আলী ও আব্দুল আজিজ (২৮), পিতা- মোঃ আমীর আলী, উভয় গ্রাম- রাস্তার মাথা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার এবং অপর দুইজন অজ্ঞাত। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে বর্নিত স্থান তল্লাশি করে ০৭ টি প্লাষ্টিকের বস্তার মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৭৬০ ক্যান বিয়ার উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এসময় ধৃত মাদক ব্যবসায়ী মিয়ানমার হতে বিয়ারের চালানটি পাচার করে নিয়ে এনে বেচাবিক্রির মুহুর্তে তাকে আটক করা হয়। ধৃত ব্যক্তিকে শুক্রবার তাকে টেকনাফ থানায় সোপর্দ্য করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
