লবণের মূল্য কমানো ও পরিবহন সুবিধার দাবীতে হ্নীলায় লবণ ব্যবসায়ী-চাষীদের মানববন্ধন পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : লবণ মিল মালিক ও বিসিআইসি কর্মকর্তাদের কারসাজিতে হঠাৎ লবণের মূল্য কমিয়ে দেওয়ার প্রতিবাদে হ্নীলায় লবণ ব্যবসায়ী ও চাষীরা মানববন্ধন করেছে। এই সংকট থেকে দ্রুত উত্তরণের জন্য বাণিজ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টায় কক্সবাজারের টেকনাফের প্রধান সড়কস্থ হ্নীলা বাসষ্টেশনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লবণ ব্যবসায়ী ও শত শত চাষীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন হ্নীলা লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি সাবের খান, সহসভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ আনিম, সহসাধারণ সম্পাদক মীর কাশেম, কোষাধ্যক্ষ আব্দুল গাফ্ফার, সহকোষাধ্যক্ষ আহমদ হোছন, প্রচার সম্পাদক নুরুল আলম নুরু, হোয়াইক্যং ইউনিয়নের লবণ ব্যবসায়ী আব্দুল গফুর, নবী হোছন, আব্দুল খালেক, লবণ চাষী নাজির হোছন, নুরুল হুদা, মোঃ সিকদার, মোঃ কাশেম, কবির আহমদ, শামসুল আলম, গুরা মিয়া, আব্দুর রহিম, জকির আহমদ, ছৈয়দ আহমদ, জাফর আলম প্রমুখ।
এতে বক্তারা বলেন, লবণ পরিবহনে গাড়িসহ ৩০টন হতে কমিয়ে ২২টনে নিয়ে আসায় সৃষ্ট জটিলতা শিথিল করার আহবান জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তৃণমূল পর্যায়ের লবণ চাষী ও ব্যবসায়ীদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় কয়েক লক্ষ মেট্টিক টন লবণ গুদামে পড়ে রয়েছে বলে জানানো হয়। আগামী এক মাস পরই আবারো নতুন করে লবণ উৎপাদন মৌসুম শুরু হবে। তাই কতিপয় লবন মিল মালিক এবং বিসিআইসি কর্মকর্তাদের যোগ-সাজশে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা করছে। টেকনাফ উপজেলায় ৯শ ২০জন লবণ চাষী এবং দেড়শ হতে দুইশ ব্যবসায়ীর অধীনে ২ লক্ষাধিক মেঃ টন লবণ ন্যায্যমূল্য না পাওয়া এবং পরিবহন জটিলতার কারণে গুদামে পড়ে রয়েছে বলে জানানো হয়। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রী এবং শিল্পমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মওজুদকৃত লবণ বাজারজাতকরণে সহায়তা কামনা করা হয়।