শামসু উদ্দিন, টেকনাফ :
২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া এলাকায় গত ২৮ আগস্ট ২০১৮ তারিখ রাতে টহলে গমন করে।
পরবর্তীতে অদ্য ২৯ আগস্ট ২০১৮ তারিখ ভোর রাতে টহলদল ০৪ (চার) জন লোককে ০১ টি বস্তাসহ জালিয়াপাড়া স্লুইচ গেইট বরাবর নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে চ্যালেঞ্জ করে।
আকস্মিক বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের অভ্যন্তরে চলে যায়।
পরবর্তীতে টহল দল পাচারকারীদের কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে ১,৮০,০০,০০০/- (এক কোটি আশি লক্ষ) টাকা মূল্যমানের ৬০,০০০ (ষাট হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
