কক্সবাজারে নাশকতার দায়ে ৫৭ জনের বিরুদ্ধে মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচন নিয়ে আবারো জামায়াত-বিএনপি’র বিরুদ্ধে নাশকতার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে জামায়াত-শিবির ও ছাত্রদলের ক্যাডারগণ কক্সবাজারের খুরুশকুল সড়কের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন ধরিয়ে দিলে এ অভিযোগ ওঠে।

পুলিশ নাশকতার দায়ে কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল ও জামায়াত-বিএনপির নেতাসহ ৫৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বুধবার একটি মামলা দায়ের করেছে।

এদের মধ্যে ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৪২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কক্সবাজার সদর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ ঘটনা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খোন্দকার।

থানা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তথ্য মতে, আসামিরা গতকাল ভোর ৫টা ৫৫ মিনিটে সময় শহরের খুরুশকুল ব্রিজের দক্ষিণ পার্শ্বে তিন রাস্তার মোড় থেকে অনুমানিক তিন কিলোমিটার পূর্ব পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচলের প্রতিবদ্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়।