গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
দেশব্যাপী মাদক বিরোধী অভিযান শুরুর পর টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছে আগেই। শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের অনেকে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে, আবার কেউ ভারতে, অনেকের দুবাই সৌদিআরব গমনের খবর পাওয়া গেছে। এমনকি চুনোপুটিরাও গা ঢাকা দিয়ে পাহাড়ে জঙ্গলে অথবা ফিশিং বোটে সাগর নদীতে আত্মগোপন করেছে। এর মাঝেই শনিবার বিকালে টেকনাফ থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে, টেকনাফ মৌলভী পাড়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আব্দুর রহমান ও একরাম সহ কয়েকজন বাড়িতে অবস্থান করছেন। দেরী না করেই ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ শনিবার বেলা ৩টার দিকে তড়িৎ অভিযান চালান টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামের ফজল আহমদের পুত্র আব্দুর রহমান ও একরামের বাড়িতে। কিন্তু পুলিশের নিস্ফল অভিযান। বাড়িতে পাওয়া যায়নি এ দুই শীর্ষ গডফাদারকে। পরে পুলিশ একই এলাকার কালা মিয়ার ছেলে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মো. আলী, আবুল কালাম ও জাফর আলমের বাড়িতে অভিযান চালান। তবে পাওয়া যায়নি কাউকে। ইয়াবা ব্যবসায়ীদের প্রাসাদের মতো বাড়ি গুলো ছিল তালাবদ্ধ। এসময় আব্দুর রহমানের বাড়ি থেকে রাশেদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি রনজিত বড়–য়ার নেতৃত্বে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম, এসআই মাহির উদ্দিন খাঁন, বিবেকনান্দ, সাইদুল ইসলাম, তাপস ও সাইফুল ইসলাম সহ ৫০ সদস্যের পুলিশ দল ইয়াবা বিরোধী এ অভিযান চালান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়া জানান, তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী একরাম, আব্দুর রহমান সহ কয়েকজন বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে। এসময় শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের পাওয়া না গেলেও এলাকার সাধারন মানুষ এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। তিনি জানান, মাদক নির্মুল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

টেকনাফ মৌলভী পাড়ার ইয়াবা ব্যবসায়ী মো’ আলীর বাড়ি
