ফরহাদ আমিন, টেকনাফ :
সরকারী কাজে বাঁধা প্রদানের অভিযোগে টেকনাফে এক যুবককে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের সাজা প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত যুবক হচ্ছে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মোখতার আহমদের ছেলে কেফায়েত উল্লাহ (২৮)। সাজাপ্রাপ্ত যুবককে আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়েছে। ২০ মে রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত যুবককে ৭দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন।
তিনি জানান, সপ্তাহ খানেক আগে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বাজারে সরকারী খাস খতিয়ানের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর পেয়ে তিনি সেখানে যান এবং স্থাপনা নির্মাণ না করতে মৌখিক ভাবে নিষেধ করে আসেন। পরবর্তীতে নিষেধ অমান্য করে স্থাপনা নির্মাণের খবর পেয়ে রোববার দুপুরে অভিযান চালিয়ে উক্ত স্থাপনা ভেঙ্গে দেন এবং নিজ দপ্তরে চলে আসেন। এর কিছুক্ষন পরে বিকালের দিকে উক্ত যুবক সহকারী কমিশনার এর অফিসে গিয়ে স্থাপনা ভাঙ্গার কারনে মারমুখি এবং উদ্ধত্য আচরন করতে থাকলে তিনি পুলিশে খবর দেন। এসময় টেকনাফ থানার পরিদর্শক মাহির খান ও শাহজাহান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উক্ত যুবককে আটক করেন পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।
