চকরিয়ায় প্রাইভেট নোহা মাইক্রোবাসের তেলের ট্যাংকের নীচে ১০ হাজার ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

পাচারে জড়িত চালক ও হেলপার আটক, গাড়ি জব্দ
এম.জিয়াবুল হক,চকরিয়া
চকরিয়ায় যাত্রীবাহি নোহা মাইক্রোবাসের তেলের ট্যাংকের নীচ থেকে বিশেষ কৌশলে মোড়ানো ১০ হাজার পিস্ ইয়াবা বডি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়াস্থ আমতলী এলাকা থেকে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে। অভিযানের সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসের চালক ও হেলফারকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলেন নোহা চালক কক্সবাজার শহরতলীর রুমালিয়াছড়া এলাকার মোহাম্মদ কলিম উল্লাহ’র ছেলে নাছির উদ্দিন (৩৮) ও গাড়িটির হেলফার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী এলাকার নবাব আলীর ছেলে আবুল কালাম (৩৫)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.নুরে আলম পলাশ বলেন, গতকাল দুপুর একটার দিকে মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনের অদুরে আমতলি নামক এলাকায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশদল সড়কে তল্লাসি অভিযানে ছিলেন। দুপুর দেড়টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৫৪৫১) চট্টগ্রামে যাচ্ছিলেন। সোর্স মারফত খবর পাই ওই গাড়িতে করে একটি ইয়াবার চালান পাচার করা হচ্ছে। বিষয়টি টহলদলকে জানানো হলে তাঁরা মাইক্রোবাসটি আটক করে তল্লাসি অভিযান শুরু করেন।
আইসি নুরে আলম বলেন, অভিযানের এক পর্যায়ে নোহা মাইক্রোবাসের তেলের ট্যাংকের নীচ থেকে বিশেষ কৌশলে প্যাকেট মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস্ ইয়াবা বডি উদ্ধার করা হয়। ওইসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসের চালক ও হেলফারকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।