টেকনাফ টুডে ডেস্ক :
রাজাকার, আলবদর ও মানবতাবিরোধীদের তালিকা প্রকাশের বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
নাসিমা ফেরদৌসীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী মানবতাবিরোধী, রাজাকার, আলবদর, আলসামসদের পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রণয়ন করা হয়নি। একই প্রশ্নের জবাবে মোজাম্মেল হক জানান, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি রাজাকার, আলবদর ও আলসামসদের একটি সঠিক তালিকা প্রণয়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর ও আলসামসদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে খসড়া নকশা প্রণয়ন করা হয়েছে।
