টেকনাফ টুডে ডেস্ক : যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে যশোর সদর ও ঝিকরগাছা উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তবে নিহত চারজনের নাম-পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। নিজেদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই মোখলেসুর রহমান পরিবর্তন ডটকমকে জানান, ভোরে যশোর-মাগুরা মহাসড়কের নোঙ্গরপুর এলাকায় গোলাগুলি হচ্ছে- এমন সংবাদে পুলিশের একাধিক দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
একই সঙ্গে ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ৫টি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি এসআই মোখলেসুর রহমান।
অন্যদিকে, ঝিকরগাছা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার চাপাতলা মাঠ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। তবে তাদেরও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঝিকরগাছা থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, গ্রামবাসীর মাধ্যমে ডাকাত পড়েছে- এমন সংবাদ পেয়ে পুলিশ উপজেলার চাপাতলা মাঠে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অজ্ঞাত দুই ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
একই সঙ্গে পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, গাছি দা, রাম দা, চাইনিজ কুড়ালসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে বলেও জানান এএসআই রফিকুল ইসলাম।
