মঙ্গলবার দুপুরে টেকনাফ বাস স্টেশন এলাকায় ত্রাণ বিতরণের সময় বিশৃংখল অবস্থার সৃষ্টি হয় গোঠা এলাকায়
: রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সুষ্ঠু, সুন্দর, সমহারে ত্রাণ বিতরণের জন্য অবিলম্বে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
রোববার দুপুরে আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইনজীবীদের শীর্ষ সংগঠন এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন বলেন, শুধু মানবিক কারণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনগণ, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশ ত্রাণ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ত্রাণ কার্যক্রমে সুষ্ঠু সমন্বয়ের অভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গারা খাবার পাচ্ছে না। ত্রাণ বিতরণে এক বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে।
তিনি বলেন, খাবারের কোনো গাড়ি গেলে হুমড়ি খেয়ে পড়ছে শত শত রোহিঙ্গা। আহত হচ্ছেন নারী ও শিশুরা। এমনকি অসুস্থ নারী ও শিশুরা সঠিকভাবে খাবার ও ওষুধ পাচ্ছে না। ত্রাণ বিতরণে এক বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হচ্ছে না।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে দেশি-বিদেশি সংস্থার দেয়া ত্রাণ সুন্দর, সুষ্ঠু ও সমহারে বণ্টনের উদ্দেশ্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোয় ত্রাণ বিতরণ সমন্বয়ের জন্য সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানাচ্ছি। সেনাবাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে ত্রাণ বিতরণে শৃংখলা ফিরে আসবে।
জয়নুল আবেদীন বলেন, মিয়ানমারে আজ বিশ্বমানবতা ভূলুণ্ঠিত। চরমভাবে লংঘিত হচ্ছে মানবাধিকার। মিয়ানমার সরকারের প্রতি এ নারকীয় হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মনে করে, ত্রাণ সুষ্ঠু ও সমহারে বণ্টনের জন্য রোহিঙ্গা শিবিরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা দরকার। সেনাবাহিনী মোতায়েন করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করলে ত্রাণ বিতরণে শৃংখলা ফিরে আসবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি মো. অজিউল্লাহ, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম হিরো, সিনিয়র সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি, কার্যনির্বাহী সদস্য কুমার দেবুল দে প্রমুখ উপস্থিত ছিলেন।
