শরীর পঁচে বেরুচ্ছে দূর্গন্ধ : গুলিবিদ্ধ হয়ে ১৩ দিন পর টেকনাফে নারী-শিশুসহ ৪ রোহিঙ্গা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

শামসুদ্দিন, টেকনাফ |
রাখাইনে বর্বর সেনা হামলার ১৩ দিন পর গুলিবিদ্ধ হয়ে এক নারী, এক শিশু ও ২ জন রোহিঙ্গা কিশোর সীমান্ত অতিক্রম করে শুক্রবার রাতে টেকনাফে পৌঁছে। আহতদের চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দেখা যায় পঁচন ধরে দূর্গন্ধ বেরুচ্ছে তাদের শরীর থেকে। স্বজনরা কোলে কাঁধে করে তাদেরকে নিয়ে আসতে সক্ষম হলেও জীবনের আশংকা কাটেনি তাদের। গুলিবিদ্ধ ৩ জন রোহিঙ্গা হচ্ছে বুচিডংয়ের রাছিডং এলাকার ইমাম শরীফ, আবুদল করিম, জমিলা খাতুন ও ইতিলার গোঁয়াইং গ্রামের মোঃ সাফাত (৮)।
এদের মধ্যে গুলিবিদ্ধ আবদুল করিমকে ভাইয়েরা কাঁধে বহন করে ১৩ দিন পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করেন। একটি ঝুড়ির মধ্যে ঢুকিয়ে পায়ে ও হাতে গুলিবিদ্ধ আবদুল করিমকে পাহাড় জঙ্গল ডিঙ্গিয়ে খাল বিল পার হয়ে এপারে আনতে গিয়ে নিজেরাও অসুস্থ হয়ে পড়ে। এসময় খাবার ও পানির সংকটে অর্ধাহারে অনাহারে দিন কাটান তারা। আবার সেনাদের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ সীমান্ত অতিক্রম করে এপারে পৌঁছেন তারা। শুক্রবার রাতে তাকেসহ অন্যান্যদের প্রাথমিক চিকিৎসার পর আইওএম এর তত্বাবধানে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানান টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বডুয়া।
এদিকে স্বজনরা জানিয়েছেন, গত ২৫ আগস্ট বর্মী সেনাদের নির্বিচারে গুলি থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় তারা। পরে আহতবস্থায় পাহাড়ে অবস্থান করে। সেখান থেকে সীমান্ত অতিক্রম করতে এতোদিন লেগেছে বলেও জানান তারা।
বর্তমানে আহতরা আইওএম’র হাসপাতালে ভর্তি করা হয়েছে।