হ্নীলায় স্কুল ছাত্রী অপহরণ ; উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় চিহ্নিত দূবৃর্ত্ত চক্রের হাতে অপহৃত ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী আইভি রহমান দুইদিন অতিক্রম হলেও এখনো উদ্ধার হয়নি। একজন স্কুল ছাত্রীকে নিয়ে এই ধরনের ঘটনায় স্কুল কর্তৃপক্ষ বিস্মিত হলেও অপহত স্কুল ছাত্রীর উদ্বিগ্ন পরিবার তাদের মেয়েকে দ্রুত সময়ে উদ্ধারের জন্য আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

পারিবারিক সুত্র জানায়,গত ৭জুলাই (বুধবার) সকালে হ্নীলা দক্ষিণ ফুলের এলাকার মৃত দিলদার আহমদ প্রকাশ দিল্লার পুত্র ইয়াবা কারবারী নুর হাশেম (২০) গং হ্নীলা গাজী পাড়ার আবুল আলমের মেয়ে ও হ্নীলা আলফালাহ একাডেমীর ৭ম শ্রেণীর ছাত্রী আইভি রহমান (১৪) কে বাড়ি থেকে অপহরণ করে প্রাইভেট কারে করে নিয়ে যায়। অপহতের পরিবার বিষয়টি অবগত হয়ে এই স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য মা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে হ্নীলা ফুলের এলাকার মৃত দিলদার আহমদ প্রকাশ দিল্লার পুত্র নুর হাশেম (২০), আবু কালাম (৩০), নুর হামিদ (৩৩), নুর আলম (২৫), মৃত দিলদার আহমদ প্রকাশ দিল্লার স্ত্রী ফাতেমা বেগম (৫০), মৃত বাজু ওয়ালীর পুত্র নুর মোহাম্মদ (৩২), মৃত আব্দুল জাব্বারের পুত্র রমজান আলীকে আসামী করা হয়। এরপরই রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে চিহ্নিত দূবৃর্ত্ত চক্রের হাতে অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য সর্বস্তরের আইন-শৃংখলা বাহিনীর সার্বিক সহায়তা কামনা করেন মা বেবী আক্তার ও চাচা শাহ আলম। তিনি আরো বলেন ইতিমধ্যে নুর হামিদ নামে একজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ঐ স্কুল ছাত্রীর পিতা আবুল আলম দুঃখের সাথে জানান,চলতি লকডাউনের মধ্যে যানবাহনের চলাচল তেমন একটা নেই। অপহরণকারী চক্র হয়তো পার্শ্ববর্তী কোন গোপন আস্তানায় আমার মেয়েকে আটকে রেখেছে। আজ ২দিন পার হতে চললেও আইন-শৃংখলা বাহিনীর লোকজন এখনো আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। এছাড়া একটি কুচক্রীমহল এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অপপ্রচার চালাচ্ছে। যা খুবই দুঃখজনক। আমি স্কুল পড়ুয়া ছোট মেয়েকে ফিরে পেতে আইন-শৃংখলা বাহিনীর প্রযুক্তিগত আন্তরিক সহায়তা কামনা করছি।

এই ব্যাপারে হ্নীলা আল-ফালাহ একাডেমী পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক জহির আহমদ জানান,আমাদের স্কুলের ৭ম শ্রেণীর এক ছাত্রী অপহরণের শিকার হওয়া খুবই দুঃখজনক। তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,এই ব্যাপারে একটি অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ###