নাফ নদী থেকে ৭৯ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

রাশেদ মাহমুদ, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের ৭৯ হাজার ২ শত ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি জওয়ানরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে নাজিরপাড়া সংলগ্ন নাফ নদী থেকে তাদেরকে আটক করা হয়।
ধৃতরা হচ্ছে মিয়ানমারের মংডু থানার দলিয়াপাড়া এলাকার আবুল বাশারের ছেলে জোনায়েদ(২০) ও নুরুল আলমের ছেলে মোহাম্মদ জোহার(৩০)।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আরিফুল ইসলাম জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদে দমদমিয়া বিওপি ফাঁড়ীর সুবেদার মিজানুর রহমান ও হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে দুটি পৃথক দল নাজির পাড়া সংলগ্ন নাফ নদীর কেওড়া বনে ওৎপেতে থাকে। পরে রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমারের দিক থেকে একটি হস্তচালিত নৌকায় দুই পাচারকারী ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় ধাওয়া করে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা রুজু করে থানায় সোপর্দ্য করা হয়েছে বলে জানান তিনি।