নাফ নদীর মোহনা থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি।
টেকনাফে নাফ নদীর মোহনা থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহত জেলে হচ্ছে শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ রফিক(১৯)।
রোববার সকাল ৯টার দিকে শাহপরীরদ্বীপ কোস্টগার্ড এর কন্টিনজেন্ট কমান্ডার এম এইচ কবিরের নেতৃত্বে সদস্যরা নাফ নদীর ঘোলার চর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
ওই কর্মকর্তা জানান, শনিবার বিকালে একটি ডিঙ্গি নৌকায় ৩ জেলে নাফ নদীতে মাছ ধরতে গেলে দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এসময় সাঁতরে মোঃ আইয়ুব নামে একজন কুলে ফিরলেও দুই সহোদর নিখোঁজ ছিল। এদের মধ্যে রোববার সকালে রফিকের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে রফিকের সহোদর ওসমান(১৫)।
স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক জানান, প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
এদিকে দুই সন্তান হারিয়ে তাদের পরিবারে শোকের মাতম চলছে বলে জানান তিনি।