টেকনাফের সাবরাংয়ে ইয়াবা অভিযানে গিয়ে ফের অবরুদ্ধ ‘ডিবি পুলিশ’ : ২টি মামলা দায়ের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফের সাবরাংয়ে ইয়াবা বিরুধী অভিযানে গিয়ে ফের অবরুদ্ধ হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টীম। পরে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। এ ঘটনায় ইয়াবা উদ্ধার ও পুলিশী কাজে বাঁধা দানের অভিযোগে দুটি পৃথক মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাবরাং সিকদার পাড়া এলাকায় মৃত জহির আহমদের বাড়িতে অভিযান চালায়। এসময় ডিবি সদস্যরা ৫ হাজার ইয়াবা উদ্ধার করে ফিরে আসার পথে ইয়াবা ব্যবসায়ী ও দুস্কৃতিকারীরা ডিবি পুলিশের উপর হামলার চেষ্টা করে তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। খবর পেয়ে টেকনাফ থানার ওসি মাইন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ডিবি সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এর আগে সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন ও ইউপি সদস্য শামসুল আলম ঘটনাস্থলে গিয়ে ডিবি সদস্যদের মারধরের হাত থেকে রক্ষা করেন।

ওসি মাইন উদ্দিন খান আরো জানান ইয়াবা উদ্ধারের ঘটনায় মৃত জহির আহমদের স্ত্রী রেহেনা বেগম সহ কয়েকজনকে আসামী করে ও সরকারী কাজে বাঁধা দানের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করছে ডিবি পুলিশ।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন জানান, এ ধরনের ঘটনা অনাকাংখিত এবং যারাই এ ঘটনা ঘটিয়েছে তা উচিত হয়নি।

উল্লেখ্য কয়েক মাস আগে টেকনাফ সদর ইউনিয়নে ডিবি পুলিশ একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল।