জামালপুরে হিট স্ট্রোকে পুলিশ পরিদর্শকের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: জামালপুরের ইসলামপুরে মঙ্গলবার বিকালে মো. মুসলিম উদ্দিন নামে এক পুলিশ পরিদর্শক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য জামালপুর পুলিশ লাইন থেকে বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আসেন পুলিশ পরিদর্শক মুসলিম উদ্দিন।

প্রচণ্ড গরমের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ ও গণনা শেষ হয়। কিন্তু ভোট গণনা শেষে ওই ভোট কেন্দ্রের দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

দুই পক্ষের সংঘাত নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি।

পরে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম জানান, ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে পুলিশ পরিদর্শক মুসলিম উদ্দিন হিট স্ট্রোকে মারা গেছেন