টেকনাফ টুডে ডেস্ক : হ্নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দুর্যোগ মোকাবেলায় সার্বিক পরিস্থিতি আলোচনার পর অত্র ইউনিয়নের স্লুইচ গেইট সমুহের সুব্যবস্থাপনার দাবী উত্তোলন করা হয়। বিষয়টির যথাযথ সুরাহার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
২৫জুন সকাল ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ব্যবস্থাপনায় এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে হ্নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা হ্নীলা ইউনিয়নের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুশীলনের ফিল্ড অর্গানাইজার মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, (১,২ এবং ৪নং) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার রাহামা আক্তার, (৩,৫ এবং ৬নং) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন পারভীন, জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শাকের আহমদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
চলমান বর্ষায় অতিবৃষ্টি, জলাবদ্ধতা, ভরাট হয়ে যাওয়া পাহাড়ি ছড়া, মরা খাল পুনঃখনন ও সংস্কার, পাহাড় ধ্বরোধ এবং নাফনদীর বেড়িবাঁধে স্থাপিত স্লুইচ গেইট সমুহ ব্যবস্থাপনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এতে জানানো হয়,অত্র ইউনিয়নের কতিপয় প্রভাবশালীরা বিভিন্ন অজুহাতে গ্রীষ্মকালে সরকারী স্লুইচ গেইটসমুহ লবণ চাষ ব্যবস্থাপনা ও মৎস্য চাষের দোহাই দিয়ে দখলে রাখে। তাদের স্বার্থের জন্য একাধিক দরজা বন্ধ করে ১টি দরজা খোলা রাখে। বৃষ্টি হলে পাহাড়ি ঢলের প্রভাবে বন্ধ করে রাখা দরজা সমুহ খুলতে না পারায় অত্র ইউনিয়নের নিম্মাঞ্চলের পাশাপাশি উপরাঞ্চলের সমতল ভূমিতে ও বাড়ি-ঘর ডুবে যাচ্ছে। তাই এসব স্লুইচ গেইট সমুহের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করে এই কমিটিতে বনবিভাগ ও পাউবোর প্রতিনিধি রাখার জন্য গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান,আপনাদের এইসব গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুশীলনের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসন ও জেলা পাউবোর সাথে যোগাযোগ করে সৃষ্ট এসব সমাস্যা দ্রুত সমাধান করে হ্নীলা ইউনিয়নবাসীকে দুর্যোগমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। ###
