টেকনাফ টুডে ডেস্ক : আজ আরেকটি বড় মাইলফলক হয়ে থাকবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি। আসরটি শুরু হচ্ছে আজ থেকে। কাঙ্ক্ষিত শিরোপার জন্য লড়াইয়ে নামছে আটটি দল। উদ্বোধনী ম্যাচের মঞ্চ করাচি ন্যাশনাল স্টেডিয়াম, যেখানে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কাছে এটি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’, এই দিনটির জন্য দীর্ঘ অপেক্ষার প্রহর গুনেছে পাকিস্তানের মানুষ, ‘২৯ বছর পর পাকিস্তানে কোনো বৈশ্বিক আসর হচ্ছে। আমার মনে হয় পুরো জাতি এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় আছে।’
লাহোর হামলার সেই তিক্ততা কাটিয়ে আন্তর্জাতিক দলগুলোর মন থেকে পাকিস্তানভীতি দূর করা এবং সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি টুর্নামেন্ট আয়োজন পথচলাটা একদমই সহজ ছিল না পাকিস্তানের জন্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান হিসেবে এই পথচলার সঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল সাবেক অধিনায়ক রমিজ রাজার।
দিনগুলোর কথা স্মরণ করে রমিজ বলছিলেন, ‘পাকিস্তান যে একটি নিরাপদ রাষ্ট্র এবং এ ধরনের বড় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা আমাদের রয়েছে এটা অনেক কঠিন একটা প্রক্রিয়া ছিল। এটার সঙ্গে অনেক পরিশ্রম জড়িয়ে রয়েছে। অবশেষে বিশ্ব আমাদের অবস্থান বুঝতে পেরেছে।’
অবশ্য ঘরের মাঠে খেলার সুযোগ কম হলেও এই সময়ে পাকিস্তানের সাফল্যের পাল্লাও ফেলনা নয়। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরে শিরোপাও ঘরে তুলেছিল দলটি।
সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে অবশ্য এবার চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে রাখতে বেশ বেগ পেতে হয়েছে পাকিস্তানকে। শেষ পর্যন্ত সমাধান হয়ে আসে ‘হাইব্রিড মডেল’। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকি ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে দুবাইয়ে! অবশ্য এত সব ভুলে পাকিস্তান অবশ্য টুর্নামেন্ট রাঙানোর ছক কষছে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সঙ্গে রিজওয়ানদের সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়।
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে এই দলটির কাছে দুবার হেরেছে পাকিস্তান। প্রথম হারটি রাউন্ড রবিন লিগে। পরে ফাইনালেও কিউইদের কাছে পাত্তা পায়নি পাকিস্তান।
দলকে জাগিয়ে তুলতে চেষ্টার কমতি রাখছেন না স্বাগতিক দলের অধিনায়ক রিজওয়ান, ‘আমাদের পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। হয়তো আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে আমরা এই ট্রফিটা দেশ এবং দেশের মানুষের জন্য জিততে চাই।’ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের জন্য বড় ধাক্কা হয়ে এসেছিল পেসার হারিস রউফের চোট। রিজওয়ান অবশ্য আজ তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘হারিস গতকাল (পরশু) ৮০ শতাংশ দিয়ে বোলিং করেছে। তাই আমি আশা করছি সে পুরোপুরি ফিট।’ পাকিস্তান দলে যখন হারিসকে নিয়ে স্বস্তির হাওয়া, উল্টো চিত্র নিউজিল্যান্ড ক্যাম্পে। ম্যাচের এক দিন আগে চোটে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। ডান পায়ের চোটে পুরো টুর্নামেন্টেই আর ফার্গুসনকে পাচ্ছে না কিউইরা। তাঁর জায়গায় আরেক পেসার কাইল জেমিসনকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশের বিপক্ষে।
এর আগে চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে যায় আরেক পেসার বেন সিয়ার্সের। প্রথম সারির দুই পেসার হারিয়ে হতাশ নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘লকির (ফার্গুসন) জন্য দুঃখ হচ্ছে। লকি আমাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। ওর বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগত। আমরা জানি আরেকটি বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে সে মুখিয়ে ছিল। সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই প্রার্থনাই করছি।’
ফার্গুসন-সিয়ার্সের মতো চোট চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চ মাতানোর স্বপ্ন কেড়ে নিয়েছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরাহদের। এমন তারকাদের ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির শুরু আর শেষ কতটা রঙিন হয় তা দেখার জন্য অবশ্য অপেক্ষার শুরু আজ। এই শুরুর যাত্রায় আছে বাংলাদেশ, আগামীকাল ভারতের বিপক্ষে মুখোমুখি হবে নাজমুল হোসেনের দল।
