টেকনাফ পৌরসভার কোটি টাকার সড়ক বাতি প্রকল্প স্থাপনের কিছুদিনের মধ্যেই অকেজো হয়ে অন্ধকারে নিমজ্জিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :
কয়েক কোটি টাকা ব্যয়ে স্থাপিত হয়েছিল টেকনাফ পৌরসভায় সড়ক বাতি প্রকল্প। কিন্তু কিছুদিন না যেতেই সেই সড়ক বাতি অকেজো হয়ে পড়েছে। ফলে পৌরসভার বিভিন্ন সড়ক অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে।
তেমনিভাবে পৌরসভার ৫ নং ওয়ার্ডের অলিয়াবাদ আবহাওয়া অফিস সড়কের পাইলট হাই স্কুল মাঠ থেকে কাশেম মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটিও দীর্ঘদিন ধরে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। মাঝখানে রফিকের বাড়ির সামনে একটি বাতি জ্বলতে দেখা গেলেও পুরো সড়কটি ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন।
স্থানীয়রা জানান, ওয়ার্ড কাউন্সিলরকে বারবার বলা হলেও কোন সুরাহা হয়নি।
আবার ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক টেকনাফ টুডে কে জানান, বিষয়টি পৌরসভার সংশ্লিষ্ট শাখায় অসংখ্যবার জানানো হলেও সমাধান করতে না পেরে তিনি নিজেও বিভ্রত।
পৌরসভার বৈদ্যুতিক শাখার টেকনিশিয়ান আব্দুস সালাম জানান, সড়ক বাতি স্থাপনের কিছুদিনের মধ্যে মাঠির নীচের সংযোগ তার চুরি হয়ে যাওয়ায় পৌরসভার বিভিন্ন সড়কে এই অবস্থা বিরাজ করছে।
এদিকে টেকনাফ পৌরসভার বাসিন্দারা জানান, পৌরসভা গঠনের পর থেকে বছর বছর কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হাতে নেয়া হলেও কাজের গুনগত মান নিশ্চিত করতে না পারায় তা অল্পদিনেই মধ্যেই বিনষ্ট হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় সড়ক বাতি প্রকল্পটিও অকেজো হয়ে পড়েছে।
জনগনের ট্যাক্সের টাকা ও উন্নয়ন সহযোগীদের দেয়া টাকায় নির্মিত পৌরসভার নানা উন্নয়ন কাজের গুনগত মান নিশ্চিত করার ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ রহস্যজনক কারনে সবসময় উদাসীন থাকে বলে অভিযোগ সচেতন মহলের।