হ্নীলায় টমটম চুরির ঘটনায় ঘর-সংসার নিয়ে পথে নেমেছে অসহায় ৩চালক ; মানবিক সহায়তা কামনা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ উপজেলার হ্নীলায় সংঘবদ্ধ টমটম চোর সিন্ডিকেটের হাতে সংসারের আয়-রোজগারের একমাত্র সম্বল হারিয়ে পথে নেমেছে অসহায় ৩জন টমটম চালক। এখন তারা পরিবার-পরিজন নিয়ে নিরুপায় হয়ে সামর্থ্যবানদের নিকট মানবিক সহায়তা কামনা করছেন।

ভূক্তভোগীদের সাথে আলাপকালে জানা যায়,গত ৪ঠা ফেব্রæয়ারী সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ উপজেলার হ্নীলা পুরান বাজার হতে দোকানে নাস্তা করার সময় ফুলের ডেইল গ্রামের মৃত আব্দুল জাব্বারের পুত্র আবু ছিদ্দিকের টমটমটি চুরি করে নিয়ে যায়। এছাড়া গত ২১জানুয়ারী দুপুর ২টারদিকে সুলিশ পাড়ার সিরাজুল হকের পুত্র নুর মোহাম্মদের টমটম গাড়িটি পুরান বাজার মসজিদ ঘাট হতে চুরি করে নিয়ে যায়। গত ২৯জানুয়ারী বিকাল ৫টারদিকে হ্নীলা ষ্টেশনের ছৈয়দ উল্লাহ মার্কেট হতে ফুলের ডেইলের আব্দুস সোবহানের পুত্র আব্দুর রহমান ওরফে কালা বদার টমটম গাড়িটি চুরি করে নিয়ে যায়। এছাড়া পানখালীসহ বিভিন্ন এলাকার টমটমসহ বেশ কয়েকটি টমটম চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। চুরি হয়ে যাওয়া গাড়ির মালিকেরা নিতান্তই গরীব এবং ধার-কর্জ্জ করে টমটম কিনে সংসার চালাচ্ছে। এখন তাদের আয়-রোজগার না থাকায় তারা ঘর-সংসার নিয়ে চরম বিপাকে পড়েছে বলে জানান।

মূলত ২৬নং শাল বাগান, লেদা নুরালী পাড়া, কম্বন, নয়াবাজার-হাসাইন্যার টেক, মিনা বাজার এলাকায় এসব টমটম চোর সিন্ডিকেটের আস্তানা রয়েছে। স্থানীয় কোন অপরাধী চক্রের যোগ-সাজশে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। অত্র ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় এই চোর চক্রের অপতৎপরতা বেড়ে যাওয়ায় টমটম চালকদের মধ্যে অজানা আতংক ছড়িয়ে পড়েছে।

টমটম মালিক আবু ছিদ্দিক জানান, আমি ৮০হাজার টাকা কর্জ্জ নিয়ে গাড়িটি কিনে কোন রকমের সংসারের হাল ধরেছি। টমটমটি বিভিন্ন স্থানে খোঁজার পর না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছি। এখন আমার দুচোখে শুধুই অন্ধকার।

আব্দুর রহমান কালাবদা জানান,গাড়ি হারানোর পর থেকে ঘরের বাজার করা তো দূরের কথা ; পান, সিগারেট পর্যন্ত কিনে খেতে বেশী কষ্ট হচ্ছে। সামনের দিন কিভাবে চলব মহান আল্লাহ জানেন।

নুর মোহাম্মদ জানান,গাড়িটি হারানোর পর একেবারে বেকার হয়ে পড়েছি। টাকার অভাবে লোক লজ্জায় বাজারে পর্যন্ত আসতে পারছিনা।

এখন টমটম হারিয়ে হতাশ হয়ে পড়া ভূক্তভোগীরা ঘর-সংসার নিয়ে পেট বাঁচাতে স্বচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট মানবিক সহায়তার আহবান জানিয়েছেন।

দক্ষিণ হ্নীলা টমটম চালক সমিতির সভাপতি আবুল হোছন জানান,এই ধরনের ঘটনায় আমরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছি। তবে টমটম গাড়ি চোর চক্রকে ধরার জন্য আলোচনা স্বাপেক্ষে কৌশলী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ব্যাপারে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,আমরা চলতি মাস হতে টমটমকে লাইসেন্সের আওতায়ভূর্ক্ত করার পরিকল্পনা নিয়েছি। এছাড়া অপরিচিত সন্দেহভাজন কোন চালক দেখলে যাচাই-বাচাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।

সচেতন মহলের মতে,এসব গাড়ি চোর চক্রকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ইউনিয়ন পরিষদ, টমটম মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির সমন্বয়ে একটি মনিটরিং টিম গড়ে তোলার বিকল্প নেই। ###