শাহপরীরদ্বীপ সীমান্ত হতে অকটেন পেঁয়াজ-রসুন ও আদাসহ পাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার ; পলাতক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তে র‌্যাব-১৫ এর আভিযানিক দল অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের প্রস্তুতিকালে বিপূল পরিমাণ অকটেন, পেয়াঁজ, রসুন ও আদাসহ চোরাকারবারী সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,গত ১৬জানুয়ারি বিকাল ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল কতিপয় পাচারকারী জ্বালানী তৈল অকটেন কক্সবাজার জেলার টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া-মাঝেরপাড়া রোডের পশ্চিম পাশে একটি দোকানের সামনে রাস্তার উপর অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩জন ব্যক্তি তাদের হেফাজতে থাকা অকটেন ভর্তি প্লাস্টিকের ড্রামসহ অন্যান্য জিনিসপত্র রেখে পালানোর চেষ্টাকালে মাঝের পাড়ার আমান উল্লাহর পুত্র ফয়েজ উল্লাহ (২২) এবং আব্দুল গফুরের পুত্র আব্দুল্লাহ (২০) কে আটক করতে সক্ষম হলেও অপর ১জন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা জ্বালানী তৈল অকটেন, পেঁয়াজ, রসুন ও আদাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাচারের উদ্দেশ্যে মজুদ করেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ২৫টি ড্রামে ১হাজার ৪শ ১৫লিটার অকটেন, ৪০কেজি পেঁয়াজ, ৩১কেজি রসুন, ৩৬কেজি আদা উদ্ধার এবং ৩টি সীমসহ ১টি বাটন ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক চোরকারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ###