চকরিয়ায় মহাসড়কে ট্যাংক লরি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নি*হ*ত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক, চকরিয়া : চকরিয়া উপজেলার মহাসড়কে ট্যাংক লরি ও সিএনজি অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ সময় শিশু ও চালকসহ অন্তত ৬জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনের অদূরে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মা-মেয়ে হলেন, পেকুয়া উপজেলার মগনামাঘাট এলাকার আবদুস ছালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মামুনুর রশিদ এর স্ত্রী জেসমিন আক্তার (২০)।

আহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং এলাকার দুদু মিয়া (৪৭) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪০), বানিয়ারছড়া এলাকার বুলবুল জান্নাত (৩০) ও তার মেয়ে তানিয়া সুলতানা (৬)।

পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পেকুয়ার মগনামা থেকে গর্ভবতী মেয়ে জেসমিন আক্তারকে ডাক্তার দেখাতে চকরিয়া উপজেলা সদরে আসছিলেন রোকেয়া বেগম ও তার পরিবার সদস্যরা। এসময় মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনের অদূরে আমতলী এলাকায় পৌছলে চট্টগ্রামমুখি একটি ট্যাংকলরির সঙ্গে সিএনজি অপোরিক্শার মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় সিএনজি অটোরিকশাটি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় মা রোকেয়া বেগম ও মেয়ে জেসমিন আক্তার। এসময় আহত হয় সিএনজি চালক ও অপর ৫ যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার
ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, ঘটনার পর পর স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক হতাহত সবাইকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে রোকেয়া বেগম ও তার মেয়ে জেসমিন আক্তারকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##