বিশেষ প্রতিবেদক : উখিয়ার কুতুপালং এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ ৩জন নারী-পুরুষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গত ৬মে রাত পৌনে ৮টায় কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্ব পাড়ায় আভিযান চালিয়ে কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি, এফসিএন নং-১৫৪৫২২ এর বাসিন্দা (এফডিএমএন) সদস্য হোসাইন আহমদের পুত্র আবুল কালাম (৩৩), বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার আজুখাইয়া গ্রামের কবির আহমদের স্ত্রী লায়লা বেগম (৩৫) এবং রফিক উদ্দিনের স্ত্রী মরিয়ম খাতুন (৩০) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের হেফাজত হতে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিলের পর থানায় সোর্পদ করা হয়েছে। ###
