বিশেষ প্রতিবেদক : উখিয়ার পালংখালীতে এক মাঝির মাদক আস্তানায় অভিযান চালিয়ে ১শ ২০ কোটি টাকা মূল্যমানের ২৪.২ কেজি আইস নিয়ে ইরানী মাঝি নামে এক মাদক কারবারী গডফাদারসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
৭মে দুপুর ১২টায় কক্সবাজার র্যাব-১৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৬মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সফিউল্ল্যাহ কাটা এলাকার ইরান মাঝির আস্তানায় অভিযান চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত ১শ ২০কোটি টাকা মূল্যমানের ২৪.২ কেজি আইসসহ কক্সবাজার কেন্দ্রিক আইস চোরাচালানের অন্যতম হোতা মৃত সিরাজুল ইসলামের পুত্র ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), তার সহযোগী ভাই মোঃ রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), রাজাপালংয়ের মৃত আলী আহমদের পুত্র মোঃ আলা উদ্দিন (৩৫) এবং হ্নীলা ফুলের ডেইলের মৃত আব্দুল করিমের পুত্র জয়নাল আবেদীন ওরফে কালা বদা (৩৭) কে গ্রেফতার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,দেশের সর্ববৃহৎ আইসের চালানসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে লিখিত এজাহার দাখিলের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###
