হ্নীলায় জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে “অগ্রযাত্রার” শিশুদের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় বেসরকারী উন্নয়ন সংস্থার “অগ্রযাত্রার” উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু সুরক্ষায় শিক্ষকের ভূমিকা, শিশু অধিকার, শিশু শ্রম, শিশু নির্যাতন এবং শিশু সুরক্ষা বিষয়ক রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৯মার্চ সকাল ১০টায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের হলরোমে ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে “অগ্রযাত্রার” উদ্যোগে টেকনাফ উপজেলার ১৫টি স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অংশ-গ্রহণে শিশু সুরক্ষায় শিক্ষকের ভূমিকা, শিশু অধিকার, শিশু শ্রম, শিশু নির্যাতন এবং শিশু সুরক্ষা নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত বক্তব্যের আয়োজন করা হয়।

শেষে এই দিবস উদযাপনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অগ্রযাত্রা-পিআরএম-৩ প্রজেক্ট ম্যানেজার আবু ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অগ্রযাত্রার পিএসএস অফিসার অফিসার জান্নাতুল ফেরদৌস পপির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বক্তব্য রাখেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাস, হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক নুরুল আমিন, হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম (চেয়ারম্যান প্যানেল-২), ৩,৫ ও ৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন কবির, ৭,৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। জাতীয় শিশু দিবস উদযাপন ও শিশু সুরক্ষা এবং শিশু অধিকার নিয়ে এই সৃজনশীল অনুষ্ঠানের সকলের ভূঁয়সী প্রশংসা করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষক,ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, “অগ্রযাত্রা” বাংলাদেশের সফল এনজিও গুলোর মধ্যে একটি। এনজিওটি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাহায্যের জন্য শিশু সুরক্ষা ও শিশু অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এই আয়োজন। ###