টেকনাফ টুডে ডেস্ক : ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশ্যে তার প্রথম ভাষণে ‘আনুগত্য, শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে’ অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাকিংহাম প্রাসাদ থেকে এ ভাষণ দেন তিনি।
রাজা তৃতীয় চার্লস ভাষণে তাঁর মা সদ্যপ্রয়াত রানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। নিজের দায়িত্ব সম্পর্কে রাজা বলেন, ‘আশা করি অন্য অনেকের সহায়তার মাধ্যমে আমি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবো।
রাজা তাঁর বড় ছেলে উইলিয়ামকে নতুন প্রিন্স অব ওয়েলস ঘোষণা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘ক্যাথারিনকে পাশে নিয়ে নুতন প্রিন্স অব ওয়েলস জাতিকে অনুপ্রাণিত করা অব্যাহত রাখতে পারবেন। ’ বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে চলে যাওয়া ছোট ছেলে ডিউক অব সাসেক্স ও তার স্ত্রীর (হ্যারি ও মেগান) জন্য ভালোবাসা প্রকাশ করেন রাজা।
মায়ের মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশের জন্য জাতির প্রতি ধন্যবাদ জানান চার্লস। তিনি ভাষণ শেষ করেন মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। রাজা বলেন, ‘ আমার প্রিয় বাবার সঙ্গে যুক্ত হওয়ার পরম যাত্রা শুরু করার ক্ষণে প্রিয় মামা তোমাকে শুধু বলতে চাই: ধন্যবাদ। ’ সূত্র: বিবিসি
