কক্সবাজার প্রতিনিধি ২৭ আগস্ট।
কক্সবাজারের উখিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ।
আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়া উপজেলার হিজলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার জয়নাল উদ্দিনের স্ত্রী সলিমা খাতুন (৪৫), একই এলাকার অটোরিকশা চালক গুরামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিদ্র ধরের ছেলে বিধুধর (৫২)।
নিহত ১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহত হলেন রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ ( ৩০)। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি খালি ট্রাক। এতে সিএনজি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে এবং উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আহত একজন মারা যায়।
এদিকে উখিয়া হাইওয়ে পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে। ট্রাক চালক পলাতক রয়েছে।
