৮ বছর পর ডিপজল-মৌসুমীর ‘সৌভাগ্য’ ছাড়পত্র!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : শুটিং শুরু হয়েছিল ২০১০ সালে। কাজ শেষ হতে সময় লেগেছে প্রায় ২ বছর। এর ৮ বছর পর সেন্সর বোর্ডে জমা পড়ে মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘সৌভাগ্য’ ছবিটি। আর গত সোমবার এটি বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা এফ আই মানিক।

দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘নানা কারণে ছবির শুটিং শেষ করতে প্রায় দুই বছরের মতো সময় লেগেছে। এবার আর দেরি করতে চাই না। সব কিছু গুছিয়ে খুব শিগগিরই ছবিটি মুক্তি দিতে চাই।’

ডিপজল বলেন, ‘দেশীয় সিনেমায় অসংখ্য ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন গুণী নির্মাতা এফ আই মানিক। অন্যদিকে মৌসুমীও সফল নায়িকাদের একজন। আমরা দু’জন মিলে বেশ কিছু ছবি দর্শকদের উপহার দিয়েছি। আশা করি, এটিও সবার ভালো লাগবে।’

এদিকে, মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে ‘সৌভাগ্য’ নির্মিত হয়েছে। এতে ডিপজল-মৌসুমীর পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডি জে সোহেলসহ অনেকে।