টেকনাফ টুডে ডেস্ক : বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিককে ৩ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সেলিনা হোসেন ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৭ সালে বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক নিযুক্ত হন। সেলিনা হোসেন দীর্ঘ সময় উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সম্পাদনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রেখে চলেছেন। তাঁর উপন্যাস ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ সেলিনা হোসেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস্ সাহিত্য পুরস্কার, ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য গত বছর ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি শিক্ষাবিদ, গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। সেই শূন্য পদে সেলিনা হোসেনকে নিয়োগ দেওয়া হলো।
