আয়ারল্যান্ডের সমুদ্রে ধরা পড়ল একটি সাড়ে আট ফুটের টুনা মাছ। তবে মাছটিকে ধরেও ছেড়ে দেয়া হয়েছে। টুনা মাছটি এত বড় যে তাতে ট্যাগ লাগানোর আগেই পানির মধ্যে রেখেই মাপ নিতে হয়। মাছটির ওজন ছিল ২৭০ কেজি।
আইরিশ মিরর জানিয়েছে, আয়ারল্যান্ডে আজ পর্যন্ত যত টুনা মাছ ধরা পড়েছে এটি তার মধ্যে সব থেকে বড়। মাছটি ধরেছিলেন ওয়েস্ট কর্কের ডেভ এডওয়ার্ড নামের এক অপেশাদার জেলে। এই টুনা মাছটির বাজারে দাম প্রায় ২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।
ডেভ এডওয়ার্ড ও তার দুই সঙ্গী ডারেন ও’সুলিভান ও হেন্ক ভেল্ডম্যান পেশাদার মৎস্যজীবী নন। তারা মাছ ধরে আবার তাদের সমুদ্রে ছেড়ে দেন। তারা আটলান্টিকে মাছের সংখ্যা বাড়ানোর একটি কর্মসূচির জন্য এই কাজ করেন। সেই কর্মসূচিতে গিয়েই তাদের বঁড়শিতে এই বিরাট টুনা মাছটি ওঠে।
টুনা মাছটির দু’টি ছবিও পোস্ট হয়েছে ওয়েস্ট কর্ক কার্টার নামে ফেসবুকের একটি পেজে। পোস্ট করার পর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ডেভরা ছাড়াও এই মাছ ধরা ও ছাড়ার কর্মসূচিতে আরো ১৪ টি নৌকা অংশগ্রহণ করে এই কর্মসূচি চলবে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত।
