মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলা হাইস্কুলের নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রদের গ্রুপিংয়ের জেরধরে এক সহপাঠীর ছুরিকাঘাতে অপর দুই সহপাঠী রক্তাক্ত হয়েছে। তম্মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেকে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২৪নভেম্বর (বুধবার) দুপুর পৌনে ২টারদিকে হ্নীলা হাইস্কুল গেইটে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে বের হলে হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মোঃ তৈয়ব প্রকাশ মোহাম্মদের পুত্র নাঈমুর ইসলাম (১৪) এবং হ্নীলা পূর্ব ফুলের ডেইলের সৌদি প্রবাসী দেলোয়ার হোছাইন মিল্কীর পুত্র নুর সিফাত বাবু (১৪) ও মগপাড়ার জামাল উদ্দিনের পুত্র আবিদ মাহমুদ (১৪) এর সাথে গ্রæপিংয়ের জেরধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সুত্রপাত হয়। এসময় নাঈমুরের ছুরিকাঘাতে নুর সিফাত বাবুর বুকে এবং আবিদ মাহমুদের হাঁটুতে বিদ্ধ হয়। তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হ্নীলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং ঘাতক নাঈমুরকে আটক করে স্কুল অফিসে রাখা হয়। হ্নীলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হলে এসআই মোঃ রফিকুল ইসলাম ও নছরত উল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণের পর ছুরিকাঘাতকারী ছাত্রকে থানায় নিয়ে যায়।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রকৃত কারণ জানতে হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক এসএম আব্দুস সালামের সাথে যোগাযোগ করলে জানান, স্কুল ছুটির পর তাদের দু’পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। ঐ ছাত্রকে স্কুল থেকে বহিস্কার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে আহতদের মধ্যে নুর সিফাত বাবুর অবস্থা মারাত্নক এবং গুরুতর হওয়ায় সন্ধ্যায় চমেক হাসপাতালে রেফার করা হয়। ###
