সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলা উলুচামরী কোনার পাড়ায় মরহুম আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী সড়কটি প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের স্রোতে ভেঙ্গে গেছে। সড়কটি দ্রুত মেরামত না করার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীসহ হাজার হাজার পথচারীর।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়,টেকনাফের হ্নীলা উলুচামরী কোনার পাড়ার মরহুম আলহাজ্ব অধ্যাপক মোঃ আলী সড়কটি প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের স্রোতে ভেঙ্গে গেছে। এই সড়কটি দিয়ে চলাচল করে প্রায় ৫হাজারের অধিক মানুষ। সড়কটিতে পাশাপাশি দুইটি বড় বড় ভাঙ্গা রয়েছে। এতে উক্ত সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন ফসলী জমির উপর কাঁদা দিয়ে ভাঙ্গা রাস্তাটি পার হয়ে গন্তব্যে যাতায়াত করে চলছে। স্থানীয়দের অভিযোগ রাস্তাটি ভেঙ্গে গেছে ২০ থেকে ২৫ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোন জনপ্রতিনিধি রাস্তাটি দেখতেও আসেনি।
উলুচামরী কোনার পাড়ার মোহাম্মদ শুক্কুর জানান, এই সড়কটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সড়ক। জুন মাসের শেষের দিকে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের স্রোতে আমাদের এই সড়কটির দুইটি অংশে ভেঙ্গে যায়। সেই থেকে সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যত দ্রুত সম্ভব সড়কটি মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।
আছু মিয়া জানান, এই সড়কটি ভেঙে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে আছি। অতি দ্রুত সড়কটি মেরামত করে দেওয়ার জন্য স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের স্রোতে এই সড়কটি ভেঙ্গে গেছে। এই সড়কটির ব্যাপারে উপজেলায় জানানো হয়েছে। উপজেলা কি করে তা দেখে আমাদের পরিষদের পক্ষে থেকে বৃষ্টিপাত বন্ধ হলে মেরামতে কাজ শুরু করা হবে।
টেকনাফ উপজেলা প্রকৌশলী রবিউল হোছাইন জানান, ঐ সড়কটি বৃষ্টির কারণে ভেঙ্গে গেছে। তা জেলায় জানিয়ে সেখান থেকে কোন একটি টিম দিয়ে মেরামতের কাজ করা হবে। পরবর্তিতে কোন একটি প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ রাস্তাটি সংস্কার করা হবে। ####
