বার্তা পরিবেশক : গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট আন্ত:হ্নীলা ইউনিয়ন ওয়ার্ড কমিটি সমুহের মিলন মেলা, আনন্দভোজ ও প্রীতি ম্যাচের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
২৭ মে দুপুরে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট হ্নীলা ইউনিয়ন শাখা এবং ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মিলন মেলা অনুষ্ঠিত হয়। বাদে জুমা উপস্থিত সকলে আনন্দ ভোজে মিলিত হয়।

এরপর বিকাল ৪টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে আর্জেন্টিনা-ব্রাজিল নামে দুই দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। খেলার মধ্য বিরতির পর ব্রাজিল দলের খেলোয়াড়েরা সংঘবদ্ধ আক্রমণে পর্যায়ক্রমে ৪টি গোল করে। খেলার শেষ পর্যন্ত আর্জেন্টিনা একাদশ কোন গোলের দেখা পায়নি। মাঠে দায়িত্বরত রেফারী খেলা শেষের লম্বা বাঁশি বাজালে ব্রাজিল একাদশ ৪-১ গোলে জয়ের আনন্দে মেতে উঠে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন কায়সার রশিদ লালু, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মামুন এবং শাওন।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা হ্নীলা ইউনিয়ন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট সভাপতি মোহাম্মদ নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট টেকনাফ উপজেলা শাখার সভাপতি তারেক মাহমুদ রনী, বিশেষ বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আমিন। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ মিন্টু,হ্নীলা ইউনিয়ন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এতে প্রধান অতিথিসহ বক্তারা বলেন,বর্তমানে রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে সবুজ বনের তুলনামূলক বেশী ক্ষতি সাধিত হচ্ছে। তার পাশাপামি মাদক কারবার ও সেবনের ফলে দিন দিন যুব সমাজের চরম অবক্ষয় দেখা দিচ্ছে। সার্বিক তদারকি ও নির্দেশনার অভাবে এখানকার যুব সমাজ বিপদগামী হচ্ছে। তা দমন করে সুন্দর টেকনাফ গড়তে হলে লেখা পড়ার পাশাপাশি খেলার কোন বিকল্প নেই। স্ব স্ব ইউনিয়ে খেলাধূলা চালু রাখতে হবে। এরফলে দেশ ও জাতির সম্মান এবং সুনাম বহনকারী যুব সমাজ তৈরী হবে। গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্টের মত আরো সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এগিয়ে আসতে হবে। এই ধরনের কর্মকান্ডে সব সময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এই ধরনের একটি প্রাণবন্ত আয়োজনের জন্য হ্নীলা ইউনিয়ন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট প্রশংসার দাবী রাখে। আমরা আগামীতে তাদের কর্মকান্ডের সাফল্য কামনা করছি। ###
