বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করে মোটাংকের টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবার বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে।
৮ই জানুয়ারী রাত সাড়ে ৭টায় কর্মরত কয়েকজন সংবাদকর্মীদের নিকট উপজেলার হ্নীলা পূর্ব লেদার মৃত জহির উদ্দিনের পুত্র মহি উদ্দিন পৃথকভাবে দু’দফায় বাড়িতে গিয়ে মোটাংকের টাকা দাবী করে। না হলে বিভিন্ন বাহিনীর হাতে আটক করিয়ে দেওয়ার হুমকি দেয়। ভূক্তভোগী ব্যক্তি বিষয়টি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক ও গন্যমান্য এবং সংবাদকর্মীদের মৌখিকভাবে অবহিত করে সহায়তা কামনা করেন। উক্ত পরিবারটি তাদের দাবী মেটাতে না পারায় বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হওয়ার আশংকা করছেন।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোছাইন জানান,বৃদ্ধ লোকমান হাকিমের পুত্র টম টম চালক জালালের নিকট হতে উপরোক্ত ব্যক্তি চাঁদা দাবী করছেন বলে অবহিত করেছেন। যা খুবই দুঃখজনক।
স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী বলেন,লেদা এলাকার নিরীহ এক টমটম চালকের কাছ থেকে চাঁদা দাবীর বিষয়টি শুনেছি। তিনি অভিযুক্ত চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবী জানান।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,লেদা এলাকার লোকমান হাকিম পরিবারের কাছ থেকে চাঁদা দাবীর বিষয়টি আমাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। আমি তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হতে পরামর্শ দিয়েছি এবং জনসাধারণকে যাবতীয় অপরাধ থেকে দূরে থাকার নির্দেশনা প্রদান করছি।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম জানান,চাঁদাবাজির বিষয়ে থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তথ্যানুসন্ধানে জানা যায়, গত কিছুদিন আগে অভিযোগকারী লোকমান হাকিমের পুত্র টম টম চালক জালাল দিনের বেলায় জাদিমোরা-লেদা টাওয়ার সড়কে রোহিঙ্গা যাত্রী বহনের সময় কতিপয় অজ্ঞাত ব্যক্তি টমটমের গতিরোধ করে যাত্রীদের সর্ব ছিনিয়ে নেয়। তাদের হাতে থাকা ব্যাগে কি ছিল কেউ জানেনা। কয়েক দিনপর উপরোক্ত ব্যক্তিরা ছিনতাইয়ের সময় খুইয়ে যাওয়া ১৩ লক্ষ টাকা উক্ত টম টম চালক ছিনতাই করছে বলে অভিযোগ এনে এসব টাকা ফেরত দাবী করায় এই ধরনের ঘটনার সুত্রপাত। ###
