বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং এলাকায় এক মসজিদের ঈমামের দূর্ব্যবহারের কারণে মসজিদ ত্যাগ করেছে স্থানীয় মুসল্লিরা। এই ঘটনায় জনসাধারণের মধ্যে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
জানা যায়, চলতি রমজান মাস শুরুর আগ থেকে হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া উত্তর জামে মসজিদ (প্রকাশ কম্বন হুজুরের মসজিদ) এর ঈমাম স্থানীয় মৃত আবু বক্করের পুত্র হাফেজ নুরুল হক কথায় কথায় মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, এইটা আমার বাবার মসজিদ। এখানে কেউ কোন ধরনের উল্টা-পাল্টা কথা বলতে পারবেন না। মন চাইলে নামাজ পড়তে আসেন না চাইলে আসবেন না। তবে এখানে মসজিদের বিষয় নিয়ে কোন ধরনের কথা বলতে পারবেন না।
একজন ঈমামের এই ধরনের দম্ভোক্তিতে স্থানীয় মুসল্লিরা ক্ষুদ্ধ হয়ে আর এই মসজিদে নামাজ পড়তে যাচ্ছেনা। এরই প্রেক্ষিতে সরেজমিনে উক্ত মসজিদে আছরের নামাজ আদায় করতে গিয়েই প্রতিবেদক মাত্র দুইজন মুসল্লি দেখতে পেয়ে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পান। নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের নিকট বিষয়টি জানতে চাইলে অনেক মুসল্লি ঈমামের উপর ক্ষুদ্ধ হয়ে বিরূপ মন্তব্য করেন এবং গত রমজানে ১৫/২০জন স্থানীয় বাসিন্দা এতেকাফে অংশ নিলেও ঈমামের এসব আচরণে একজন মুসল্লিও এতেকাফে অংশ নেয়নি বলে জানা গেছে।
এই বিষয়ে ঈমাম নুরুল হকের নিকট জানতে চাইলে তিনি এসব অস্বীকার করে বলেন, আমার চাচাত ভাইয়ের সাথে একটি ঘটনার জেরধরে তারা লোকজনকে নিষেধ করায় লোকজন মসজিদে আসছেনা।
এলাকাবাসী এই বিষয়টি সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রকৃত ঘটনা বের করে এই মসজিদে সাধারণ মানুষের নামাজ আদায়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ###
