টেকনাফ টুডে ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের আস্তানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এতে হুথিদের চারটি ড্রোন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।
আল-অ্যারাবিয়ার খবরে বলা হয়, আজ রোববার ভোররাতে সানায় অবস্থিত হুথিদের আস্তানায় বিমান হামলা চালায় সৌদি জোট। তারা সানার উত্তরে আল দেলমি বিমান ঘাঁটিতে এ হামলা চালায়। এ হামলায় হুথিদের চারটি ড্রোন ধ্বংস হয়েছে। অন্যদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়- সৌদি জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
সৌদি জোট গতকাল শনিবারও সানার দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছিল। আর গত বৃহস্পতিবার হুথিরা দাবি করেছিল, তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ লক্ষ্যে হামলা চালিয়েছে। আর এ হামলার পাল্টা হামলা হিসেবেই হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিয়াদে হুথিদের দাবি করা হামলার বিষয়টি স্বীকার করেনি সৌদি জোট। তারা বলেছে, বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক বোঝাই ড্রোনকে বাধা দিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে হুথিদের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করার পর প্রায় এক বছর ধরে সানায় বোমাবর্ষণ থেকে অনেকটাই বিরত ছিল সৌদি জোট। ২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপের পর যুদ্ধের প্রধান একটি পক্ষ হয়ে ওঠে সৌদি জোট। ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত এক লাখ লোক মানুষ হয়েছে। এ যুদ্ধ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি করেছে বলে ভাষ্য জাতিসংঘের।
