এম জিয়াবুল হক : হাইকোর্টে আপিল মামলার শুনানি পরবর্তী আদেশের আলোকে অবশেষে পুনরায় চালু হয়েছে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়ার জমজম হাসপাতাল (প্রা:) লিমিটেড । গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর থেকে জমজম হাসপাতালে সবধরনের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।
চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ গোলাম কবির বলেন, একটি টুনকো বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে গেল দুই সপ্তাহ আগে হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম স্থগিত করা হয়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আদেশ মতে হাসপাতালের সবধরনের সেবা কার্যক্রম বন্ধ রাখি। পাশাপাশি বিষয় নিয়ে আমরা উচ্চ আদালতে আইনের আশ্রয় নিই।
তিনি বলেন, কতিপয় মহলের চক্রান্তের মাধ্যমে জমজম হাসপাতালের কার্যক্রম বন্ধে জড়িত ছিলেন। আমরা আইনী লড়াইয়ে মাধ্যমে হাজারো রোগীর আস্থার ঠিকানা জমজম হাসপাতালটি পুনরায় চালু করতে সফল হয়েছি। জনস্বার্থে হাসপাতালটি চালু করতে নির্দেশনা দেওয়ায় মহামান্য হাইকোর্টের প্রতি জমজম হাসপাতাল কতৃপক্ষ কৃতজ্ঞ।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনার দেওয়ার পরপর গতকাল মঙ্গলবার থেকে হাসপাতালে সবধরনের চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন থেকে হাসপাতালে নিয়মিত ডাক্তাররা রোগী দেখা শুরু করেছেন। এছাড়াও হাসপাতালের ফার্মেসী, প্যাথলজি, সিটি স্ক্যান, ডায়ালাইসিস, আল্ট্রাসনোগ্রাফি, এন্ড্রোসকপি, ফিজিওথেরাপি এবং ইমারজেন্সিসহ সকল বিভাগ খুলে দেয়া হয়েছে।
তিনি বলেন, এখন থেকে আগত সকল রোগীরা দিবা-রাত্রি ২৪ ঘন্টা অপারেশনসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। আমরা সাময়িক চিকিৎসা সেবা বিঘ্নিত হবার জন্য সকলের কাছে দু:খিত, পাশাপাশি পূর্বের ন্যায় জমজম হাসপাতালে পুরোদমে চিকিৎসা সেবা নিশ্চিতে সকলের কাছে সহযোগিতা কামনা করছি। ##
