হাদি-উল-ইসলাম : পদ-পদবি ও জনসংশিষ্ট দায়িত্ব আল্লাহর বিশেষ দান। মুসলমানদের উপকারে তাদের পদ ও মর্যাদাকে কাজে লাগানো উক্ত শুকরিয়ার অংশবিশেষ। জাবির ইবন আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বানু আমরকে সাপের ছোবলে আক্রান্ত রোগীর ঝাড়ফুঁকের অনুমতি দেন। আবু বায়র (রহ.) আরো বলেছেন, আমি জাবির ইবন আবদুল্লাহ (রা.)-কে আরো বলতে শুনেছি যে একটি বিচ্ছু আমাদের এক লোককে ছোবল দিল।
আমরা সেথায় রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে বসাছিলাম। তখন এক লোক বলল, হে আল্লাহর রাসুল! আমি (তাকে) ঝেড়ে দিই? তিনি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের (কোনো) উপকার করতে পারে, সে যেন (তা) করে। (মুসলিম, হাদিস : ৫৬২০)
যে ব্যক্তি তার পদের মাধ্যমে কোনো মুসলিম ভাইকে জুলুম থেকে রক্ষা করে কিংবা তার কোনো কল্যাণ সাধন করে এবং তা করতে গিয়ে কোনো হারাম উপায় অবলম্বন করে না বা কারো অধিকার ক্ষুণ্ন করে না, সে ব্যক্তির নিয়ত বিশুদ্ধ হলে আল্লাহর কাছে সে বিশেষ প্রতিদান পাবে। নবী করিম (সা.) বলেছেন, ‘তোমরা সুপারিশ করো, বিনিময়ে তোমরা সওয়াব পাবে।
’ (বুখারি, হাদিস : ২৪৩২)
এই সুপারিশ ও মধ্যস্থতার জন্য কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নয়। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, কোনো ব্যক্তি তার কোনো ভাইয়ের জন্য কোনো বিষয়ে সুপারিশ করার কারণে যদি সে তাকে কিছু উপহার দেয় এবং সে তা গ্রহণ করে তাহলে সে সুদের একটি বড় দরজা দিয়ে প্রবেশ করল। (আবু দাউদ, হাদিস : ৩৫৪১)
এক শ্রেণির মানুষ আর্থিক স্বার্থের বিনিময়ে পদমর্যাদা কাজে লাগাতে চায়। যেমন কোনো একজন লোককে চাকরি দেওয়া অথবা কাউকে কোনো প্রতিষ্ঠান বা এলাকা থেকে অন্য প্রতিষ্ঠান বা এলাকায় বদলি করে দেওয়া কিংবা কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করে দেওয়া ইত্যাদির জন্য অর্থলাভের শর্ত আরোপ করে।
কিন্তু এরূপ স্বার্থের জন্য শর্তারোপ ও তার সুযোগ গ্রহণ করা হারাম। উপরোক্ত হাদিস তার জ্বলন্ত প্রমাণ। বরং যেকোনো কিছু গ্রহণ করাই এই হাদিস বাহ্যিক দিকের আওতায় পড়ে, চাই পূর্বে কোনো কিছুর শর্ত আরোপ না করা হোক। আসলে ভালো কাজের কর্মীর জন্য আল্লাহর প্রতিদান যথেষ্ট, যা সে কিয়ামত দিবসে পাবে। এমনকি কখনো কখনো দুনিয়ায়ও এর সুফল মেলে।
এখানে এদিকে ইঙ্গিত করা যথার্থ হবে যে কোনো কার্য সম্পাদনের জন্য ব্যক্তিবিশেষকে পারিশ্রমিক দিয়ে নিযুক্ত করা এবং শর্ত সাপেক্ষে বৈধ মজুরি প্রদান শ্রেণিভুক্ত হবে। পক্ষান্তরে আর্থিক সুযোগ-সুবিধার বিনিময়ে নিজ পদমর্যাদা ও মধ্যস্থতাকে কাজে লাগিয়ে সুপারিশের মধ্যে পার্থক্য আছে। এটা নিষিদ্ধ। মূলত উভয় প্রক্রিয়া এক নয়। (ইবনু মুফলিহ, আল-আদাবুশ শারঈয়্যাহ ২/১৭৬)
