আগামী ৬ ৭ ও ৮ ডিসেম্বর মামলার পরবর্তী ধার্য্য তারিখ : ৩৪২ ধারায় আট আসামির নির্দোষ দাবি
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অন্যতম প্রধান স্বাক্ষী মামলার তদন্ত কারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা সম্পন্ন হয়েছে। এ নিয়ে এই মামলার ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য জেরার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহন পর্ব সম্পন্ন হলো। আজ বুধবার (১ ডিসেম্বর) বিকেল চারটার তার স্বাক্ষগ্রহন জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। আদালতে জবানবন্দি দেয়ার পর তদন্তকারী কর্মকর্তাকে আসামি পক্ষের আইনজীবীবৃন্দ গত পাঁচ দিন ধরে জেরা করেছেন। পরে বিকেল পাঁচটায় আদালত মুলতবি ঘোষণা করে আগামী ৬ ৭ ও ৮ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ দিন ধার্য্য করেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে জেরা শুরু হয়। আসামি পক্ষের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্তের জেরায় মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলাম আদালতে জানিয়েছেন ওসি প্রদীপ সহ আসামীরা পরিকল্পিত ভাবেই মেজর অবঃ সিনহাকে হত্যা করে। টেকনাফ থানায় দায়িত্ব পালন কালে ওসি প্রদীপের নানা অপকর্মের খবর জানতে পেরে তা ভিডিও ধারণ করার খবর জেনে গেলে ওসি প্রদীপ মেজর অবঃ সিনহাকে হত্যার পরিকল্পনা করেছিল।
এডভোকেট ফরিদুল আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছে মামলার তদন্ত কারী কর্মকর্তা। এটি একটি সেনসেটিভ এবং চাঞ্চল্যকর মামলা। আসামি পক্ষের আইনজীবীগন তদন্ত কারী কর্মকর্তাকে গত পাঁচ দিন ধরে জেরা করেছেন। তিনি জানান এ নিয়ে এই মামলায় মোট ৬৫ জন স্বাক্ষীর জবানবন্দি স্বাক্ষগ্রহন ও জেরা সম্পন্ন হয়েছে। এই মামলায় চার্জশিটে মোট ৮৩ জনকে স্বাক্ষী করা হয়েছিল।
পিপি আরো জানান, তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হওয়ার পর আদালত ৮ জন আসামীকে কার্যবিধি ৩৪২ ধারায় কোন বক্তব্য আছে কিনা জানতে চাইলে তারা লিখিত ভাবে আদালতকে জানাবেন বলে জানান। বরখাস্ত ওসি প্রদীপ সহ অপর ৭ আসামি কার্যবিধি ৩৪২ ধারায় আগামী ধার্য তারিখে আদালতে বক্তব্য দেবেন বলে জানিয়েছেন।
অপর দিকে আসামী ওসি প্রদীপের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত জানিয়েছেন তিনি গত তিন দিনে মামলার তদন্ত কারী কর্মকর্তাকে জেরা করেছেন। সম্পুর্ণ আইনের দিক বিবেচনায় তিনি তাকে জেরা করেছেন। তিনি জানান আজ তার জেরা শেষে মামলার ৮ জন আসামী সিনহা হত্যারা ঘটনায় নির্দোষ দাবি করে কার্যবিধি ৩৪২ ধারায় আদালতে বক্তব্য দিয়েছেন। আগামী ধার্য তারিখে ওসি প্রদীপ সহ অপর ৭ আসামি আদালতে তাদের বক্তব্য দেবেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় ওসি প্রদীপ সহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
