আব্দুল্লাহ সানী, সাবরাং :
টেকনাফে মোটর সাইকেল-টমটম মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২০) নামে এসএসসি ফল প্রার্থী এক ছাত্র নিহত হয়েছে। সে সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার মৃত মৌঃ মনির আহমদের পুত্র। শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে দূর্ঘটনার পর কক্সবাজার নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে মোটর সাইকেল চালিয়ে দক্ষিণ নয়া পাড়ার দিকে যাওয়ার পথে সিকদার পাড়া এলাকায় বিপরীত দিক হতে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফুল মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্বার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। সাইফুলের চাচা ইয়াছিন আরাফাত জানান, সাবরাং বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। দুই ভাই বোনের মধ্যে সাইফুল বড়। এদিকে তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
