সাংবাদিকদের বেতন-সুবিধার গেজেটে স্থিতাবস্থার আদেশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের গেজেট ঘোষণার ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মতিউর রহমানের করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

একইসঙ্গে সাংবাদিক কর্মচারীদের বেতন-ভাতার গেজেট চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট পক্ষের কোনো আপত্তি আছে কি না সে বিষয়ে একটি গেজেট জারির কথা আইনে বলা থাকলেও সেটা না করেই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর কোনো সুপারিশ না নিয়েই একতরফাভাবে নবম ওয়েজবোর্ড জারি কারার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন ওয়েজবোর্ড যাচাই বাছাই সংক্রান্ত মন্ত্রিসভার আট সদস্য, তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজবোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী। তিনি আমাদের সময়কে বলেন, ‘ওয়েজ বোর্ডকেই গেজেট জারি করে জানাতে হবে কার কী আপত্তি আছে কিন্তু সেই গেজেট জারি না করেই, কারও আপত্তি না শুনেই একতরফাভাবে নবম ওয়েজবোর্ড জারি করার সিদ্ধান্ত হয়েছে।’

মোহাম্মদ ইউসুফ আলী আরও বলেন, ‘গত ২৬ জুলাই ওয়েজবোর্ড পর্যালোচনাসংক্রান্ত মন্ত্রিসভা সমিতির প্রধান ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী দেশে আসার পরপরই নবম ওয়েজবোর্ডের গেজেট জারি করা হবে। সে কারণে নোয়াবের পক্ষে সভাপতি মতিউর রহমান বাদী হয়ে রিট করেন। রিটের শুনানি নিয়ে আজ আদালত দুই মাসের স্থিতাবস্থা জারির পাশাপাশি রুল জারি করেছেন।’