লেদার পাহাড়ে বাগানের চারা রোপন করতে গিয়েই এক রোহিঙ্গা নারীর মৃত্যু!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বাগানের চারা রোপন করতে গিয়ে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।বন্য হাতির হামলায় মৃত্যু হয়েছে বলে প্রকাশ হলেও বড় ধরনের আঘাতের চিহ্ন না থাকায় এতিম দুই শিশুর করুণ আর্তনাদে এই মহিলার মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৯ জুলাই লেদা লামার পাড়ার জনৈক বাদশা মিয়ার সাথে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের চনা পাড়ার ব্লক-সি-৮ এর এফসিএন নং-২৫৭২৬৭ এর বাসিন্দা আবুল কালামের স্ত্রী রাশেদা বেগম (২৮) পার্শ্ববর্তী পাহাড়ে পেয়ারা বাগানে চারা রোপন করতে যায়। চারা রোপনকালে হঠাৎ একটি বন্য হাতি তাদের দিকে আসলে বাদশা পালিয়ে যায়। তখন রাশেদা নিরুপায় হয়ে প্রাণ রক্ষার্থে পালানোর চেষ্টা করে। তখন তাকে হাতি মেরেছে বলে খবর ছড়িয়ে পড়ে। নিহত রাশেদার ৬ বছরের মোহাম্মদ আয়াছ এবং ২ বছরের মোঃ আলম নামে ২জন ছেলে রয়েছেন।

এদিকে পালিয়ে আসা বাদশা পরে লোকজন নিয়ে রাশেদাকে খুঁজতে গিয়েই রাশেদার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ১০জুলাই সকালে এই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ দাফনের অনুমতি দিলে সন্ধ্যার দিকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

এদিকে নিহতের পরিবার ও রোহিঙ্গা নেতারা গোসলের সময় বড় ধরনের আঘাতের কোন চিহ্ন না পেয়ে হার্টস্ট্রোক বা কোন খাদে পড়ে মারা গেছে বলে ধারণা করছেন। উক্ত ক্যাম্পের চেয়ারম্যান মোস্তফা কামাল এই ধরনের মন্তব্যের সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে এই দরিদ্র-অসহায় রোহিঙ্গা পরিবারের কোন ধরনের সহায়-সম্বল না থাকায় এই মৃত্যুর প্রকৃত কারণ বের করতে পারেনি। শোকাহত পরিবার একটু সহায়তা-সহানুভূতি কামনা করেছেন। ###