রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান হত্যা ও মাদক মামলার আসামি সহ ৪১ জন গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি-২৯ অক্টোবর ২০২২।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলার আসামি সহ ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ। গতকাল শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাম্প্রতিক কালে রোহিঙ্গা ক্যাম্পে মাঝি সহ বেশ কয়েকজন রোহিঙ্গা হত্যাকান্ডের ঘটনা ঘটায় রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে অপারেশন রুট আউট নাম দিয়ে এই বিশেষ অভিযান চালায় বলে এপিবিএন পুলিশ জানিয়েছে।

৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক হত্যাকান্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে গতকাল শুক্রবার রাতে ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফরের নেতৃত্বে ১৩ ১৭ ১৮ ১৯ ও ২০ নাম্বার ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকার অভ্যন্তরে অভিযান পরিচালনার সময় যাতে কোন দুস্কৃতিকারী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করে।

অভিযানে এসব রোহিঙ্গা ক্যাম্পসমূহ থেকে সর্বমোট ৪১ জন অপরাধীকে গ্রেপ্তার করে। যার মধ্যে ৬ জন ছিল রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামী, মাদকসহ আটক করা হয় ৩ জনকে। অন্যান্য মামলার আসামী ছিল ৪ জন।

অভিযানে ৮ এপিবিএন ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ ও ১৬ এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশের ফোর্স অংশ নেয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।