টেকনাফ টুডে ডেস্ক :
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবশ্যই নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সন্ধ্যায় গণভবনে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে করতে এলে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর পেস সচিব ইহসানুল করিম বৈঠকের আলোচনা সম্পর্কে সাংবাদিকদের জানান।
১০ লাখের বেশি রোহিঙ্গাদের কক্সবাজারের ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমার আলোচনা করেছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
“কিন্তু তাদের প্রত্যাবাসন এখনও শুরু হয়নি।”
এ সময় আমিরাতের প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ‘চমৎকার’ সম্পর্ক থাকার কথা উল্লেখ করে এ সম্পর্ক আরও জোরদারে কাজ করবেন বলে জানান প্রতিমন্ত্রী রিম।
সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।
